বাংলাদেশে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু বুধবার - The News Lion

বাংলাদেশে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু বুধবার




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে বুধবার থেকে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।  শনিবার সকালে ঢাকার শ্যামলীতে কিডনি ইন্সটিটিউট পরিদর্শন এসে এমন তথ্য জানান তিনি।


 এসময় সচিব বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সের মাধ্যমে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। যার উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে, গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতের উপহার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ বিমানের ১৬৭টি বক্সে করে দেশে পৌঁছে। 


বিমানবন্দর থেকে বক্সগুলো দুটি ফ্রিজার গাড়িতে করে নেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়্যার হাউজে। পরে এই ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এছাড়া টিকা কার্যক্রমের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে- ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা সারা দেশে একযোগে দেয়া হবে সরকারি হাসপাতালগুলোয়। পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিবেচনায় সরকারি হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র থাকবে না। টিকা পেতে আবেদন করতে হবে অ্যাপের মাধ্যমে। 


'সুরক্ষা' নামের এই অ্যাপটি ২৫ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে আইসিটি বিভাগ।  ১৮ বছরের নিচে দেশের ৩৭ ভাগ জনগোষ্ঠীসহ ৭ কোটি মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে। এরপর ২৫ জানুয়ারি বেক্সিমকোর মাধ্যমে আরো ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.